লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় ১৭৩ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ৬টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে প্রত্যাবাসিতরা স্বেচ্ছায় দেশে ফিরেছেন। তাদের মধ্যে অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় তারা সেখানে প্রবেশ করেছিলেন। পরে অনেকেই অপহরণ, নির্যাতন ও মানবপাচারের শিকার হন।
ফ্লাইটে দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। একই সঙ্গে প্রত্যাবাসিতদের অভিজ্ঞতা জনসচেতনতা বৃদ্ধির জন্য শেয়ার করার অনুরোধ করা হয়েছে।
আইওএম প্রত্যাবাসিতদের জন্য পথখরচা, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেছে। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর কাজ অব্যাহত রাখছে।
এই পদক্ষেপের মাধ্যমে বিপদের মুখে থাকা প্রবাসী নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন ও পুনর্বাসন নিশ্চিত করা যাচ্ছে এবং বিদেশে অভিবাসন সংক্রান্ত ঝুঁকি বিষয়ে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।
Leave a Reply