শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

কারাগার থেকে বেরিয়ে ইমরান খান সম্পর্কে যা জানালেন তার বোন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯.০৩ অপরাহ্ণ
  • ৪৭ বার

পাকিস্তানের আদিয়ালা কারাগারে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাওয়ার পর তার বোন উজমা খানম জানিয়েছেন, ইমরান খান “সম্পূর্ণ সুস্থ” আছেন। পাকিস্তানের গণমাধ্যম ডন এ তথ্য প্রকাশ করেছে।

মঙ্গলবার কারাগারে ৩০ মিনিটের সাক্ষাতের পর উজমা সাংবাদিকদের বলেন, ভাইয়ের শারীরিক অবস্থা ভালো থাকলেও তিনি “মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন”। তিনি দাবি করেন, ইমরানকে সারাদিন কক্ষে আটকে রাখা হয় এবং খুব সীমিত সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। সাক্ষাতের সময় তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। সাক্ষাতের সময় উজমার সঙ্গে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক পিটিআই কর্মী ও সমর্থক।

ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়ার কারণে পিটিআই পরিবার ও নেতারা কয়েক সপ্তাহ ধরে অভিযোগ জানাচ্ছিলেন। ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের বাইরে এ বিষয়ে পিটিআই’র বিক্ষোভও হয়েছে। খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানিয়েছেন, ২৭ অক্টোবরের পর থেকে কাউকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এই ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও জল্পনা ছড়িয়েছিল।

পিটিআই নেতাদের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী জানিয়েছেন, ১৪৪ ধারার লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিপিএন ব্যবহার করে গোপনে যোগাযোগ চালাচ্ছে; তাই এ বিষয়ে কঠোর নজর রাখা হবে।

রাওয়ালপিন্ডি পুলিশের বরাত দিয়ে জানা গেছে, তিন দিনের বিধিনিষেধ কার্যকর করতে শহরে অন্তত ৩,০০০ নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। আদিয়ালা কারাগারমুখী সড়কে পিকেট বসানো হয়েছে এবং রেড জোনের আশপাশের কয়েকটি রাস্তা বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, ৭২ বছর বয়সি ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ক্ষমতা হারানোর পর ২০২২ সালে তাকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এবং দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। ইমরান দাবি করেন, এই মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com