শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ হোসেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ২.৫৬ অপরাহ্ণ
  • ৪৪ বার

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ডা. জাহিদ হোসেন বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসকেরা প্রয়োজনীয় সব চিকিৎসা দিচ্ছেন এবং তিনি তা গ্রহণ করতে পারছেন। বিভিন্ন গুজব ছড়ানোর প্রেক্ষিতে তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।”

চিকিৎসক আরও জানান, খালেদা জিয়ার শারীরিক উন্নতির জন্য দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড কাজ করছে। তিনি বলেন, “আমাদের বন্ধুপ্রতীম দেশ আমেরিকা, চীন, পাকিস্তান, ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধান খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। উনার জন্য দোয়া চাই। দোয়ার কারণেই হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।”

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ উপেক্ষা করার অনুরোধ জানান বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, দলের পক্ষ থেকে কীভাবে তথ্য দেওয়া হবে তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো কথায় বিশ্বাস না করার জন্য তিনি সংবাদমাধ্যমসহ সকলকে অনুরোধ করেন।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, “আমরা আবারও প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্য দেশের মানুষের সহযোগিতা ও দোয়া চাইছি। তারেক রহমানও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।” সব ধর্মের মানুষের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের আওতায় চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে সেখানেই তিনি নিবিড় চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com