ওপার বাংলার পরিচিত অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি এবার চরম অবাঞ্ছিত এক ঘটনার শিকার। কলকাতার রাস্তায় অ্যাপ ক্যাব চালকের হাতে হেনস্তার শিকার হয়েছেন তিনি। সঙ্গে ছিলেন তার ছোট ছেলে আদিদেব। পুরো ঘটনাই তাদের দু’জনকে তীব্র আতঙ্কে ফেলে দিয়েছে। খবর এই সময়।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে সুদীপা জানান, ব্যক্তিগত গাড়ির বদলে তিনি ওইদিন অ্যাপ ক্যাব ব্যবহার করেছিলেন। কলকাতার বন্ডেল রোডে নিজের দোকান থেকে নিউটাউনে দাদার বাড়িতে যাওয়ার পথে ঘটে বিপত্তিটি। গাড়িতে উঠেই মাঝপথে একটি মিষ্টির দোকানে পাঁচ মিনিটের জন্য দাঁড়ানোর অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু সেই সামান্য অনুরোধ থেকেই শুরু হয় উত্তেজনা।
অভিনেত্রীর অভিযোগ, পাঁচ মিনিট দাঁড়ানোর জন্য চালক তাকে একটি অতিরিক্ত ‘স্টপ’ যোগ করার কথা বলেন। তিনি প্রথমে সম্মত হলেও পরে বিষয়টি অযৌক্তিক মনে হওয়ায় মত বদলান। ঠিক তখন থেকেই উত্তেজনা বৃদ্ধি পায়।
সুদীপা জানান, তিনি চালককে বন্ডেল রোড হয়ে বালিগঞ্জ ফাঁড়ির রাস্তা ধরে মা উড়ালপুলে ওঠার পরামর্শ দেন। কিন্তু চালক নির্দেশ অমান্য করে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দেন। এতে আপত্তি জানালে চালক অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এতটাই যে এক পর্যায়ে চালক তাকে মারতে উদ্যত হন।
তিনি বলেন, আত্মরক্ষার প্রয়োজন অনুভব করায় তিনিও পাল্টা প্রতিরোধ হিসেবে চড়-ঘুষি মারতে বাধ্য হয়েছেন। পুরো ঘটনাটিই সামনে থেকে দেখে ছোট্ট আদিদেব প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঘটনার পর এখনো সে পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি।
হঠাৎ ঘটে যাওয়া এই হেনস্তার ঘটনায় সুদীপা গভীরভাবে মানসিক চাপে আছেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বহু ভক্ত ও শুভানুধ্যায়ী তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
Leave a Reply