পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় ডিজিটাল শিক্ষার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটির প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে স্টারলিংক ইন্টারনেট সংযোগ বসানো হচ্ছে। এর ফলে দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থীরাও উচ্চগতিসম্পন্ন, নিরবচ্ছিন্ন ইন্টারনেটে যুক্ত হয়ে অনলাইন ক্লাস, ডিজিটাল পাঠক্রম ও ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
ডিজিটাল শিক্ষা সম্প্রসারণে তিন পার্বত্য জেলা পরিষদের সঙ্গে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর পৃথক তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৭ নভেম্বর বান্দরবন পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে চুক্তি সই করেন বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এর আগে ১২ নভেম্বর রাঙামাটি ও ১১ নভেম্বর খাগড়াছড়িতে অনুরূপ চুক্তি সম্পন্ন হয়। খাগড়াছড়িতে চেয়ারম্যান ছিলেন শেফালিকা ত্রিপুরা এবং রাঙামাটিতে কৃষিবিদ কাজল তালুকদার।
চুক্তি বাস্তবায়নের পর পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্কুলে স্টারলিংক সংযোগ স্থাপন শুরু হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভৌগোলিক প্রতিবন্ধকতা আর শিক্ষার্থীদের সামনে বড় বাধা হয়ে থাকবে না।
বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, “এই উদ্যোগ পাহাড়ি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে সম্ভাবনার নতুন দরজা খুলে দিচ্ছে। প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে সরকার দক্ষ মানবসম্পদ গঠনে আরও এক ধাপ এগিয়ে গেছে।”
অনুষ্ঠানগুলোতে বিএসসিএল-এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, ঊর্ধ্বতন ব্যবস্থাপক হামেদ হাসান মুহাম্মদ মহিউদ্দীনসহ জেলা পরিষদের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা ডিজিটাল শিক্ষার সুযোগে সমানভাবে অংশ নিতে পারবে।
Leave a Reply