শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন

দেশে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩.৪৬ অপরাহ্ণ
  • ৫০ বার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেও কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। বিশেষভাবে যাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, তাদের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সবার নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে। বিশেষভাবে যাদের নিরাপত্তা দেওয়া দরকার, তাদের জন্যও আমরা প্রস্তুত।”

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, এটি নির্ধারণের এখতিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রয়েছে, তাই তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করতে পারেননি।

ফোনে আড়িপাতা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেসব সংস্থা অথরাইজড, তারা আড়ি পাতবে। যারা অথরাইজড নয়, তারা আড়ি দিতে পারবে না।”

কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষভাবে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, মাদকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এবং লুট হওয়া অস্ত্র উদ্ধার বিষয়গুলো আলোচ্য বিষয় ছিল।

তিনি আরও জানান, “নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, কতগুলো ঝুঁকিপূর্ণ নয়, তা দেখে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের অগ্রগতি, প্রশিক্ষণ এবং অন্যান্য বাহিনীর প্রস্তুতিও আমরা নিয়েছি।” বডি-ওর্ন ক্যামেরা সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী যথেষ্ট সংখ্যক ক্যামেরা কেনা হবে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা সম্পর্কে জিজ্ঞাসায় তিনি বলেন, তালিকাটি পরিস্থিতির সঙ্গে পরিবর্তিত হয়, চূড়ান্তভাবে ঠিক হলে তা প্রকাশ করা হবে। সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে যাতে নির্বাচনের সময় কেউ অনুপ্রবেশ করতে না পারে।

উপদেষ্টা উল্লেখ করেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটির প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্ব সহকারে দেখছে। পুরো প্রতিবেদন পড়ার পর সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com