ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
মাইকেল মিলার বলেন, “নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আমরা আশাবাদী। ইইউ নির্বাচন সংক্রান্ত সব ধরনের বিষয়ে সহযোগিতা করতে চায়।” তিনি জানান, ইইউ আগের তুলনায় বেশি সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী।
তবে লজিস্টিকসহ কিছু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে মিলার বলেন, নতুন ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা এবং তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করাকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইইউ। তিনি বলেন, “লজিস্টিক ও সিকিউরিটির কিছু চ্যালেঞ্জ অবশ্যই আছে, তবে সেগুলো মোকাবিলায় ইসি প্রস্তুত রয়েছে বলে আমাদের জানানো হয়েছে।”
বৈঠকে সিইসির পক্ষ থেকে নির্বাচনকে ঘিরে সব ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি তুলে ধরা হয়। ইইউর পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এ ধরনের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
Leave a Reply