ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৬৭২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টা পর্যন্ত এই সংখ্যা অর্জিত হয়েছে।
নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ৮৩ জন পুরুষ এবং ১৬ হাজার ৫৮৯ জন নারী ভোটার। দেশভিত্তিক নিবন্ধনে যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৪২০ জন, সৌদি আরবে ১৩ হাজার ১৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৩৯৭ জন, সিঙ্গাপুরে ৯ হাজার ৮৩ জন, কানাডায় ৮ হাজার ৭৬৮ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৫৫৩ জন, যুক্তরাজ্যে ৭ হাজার ৫৫১ জন, জাপানে ৬ হাজার ৮১০ জন, ইতালিতে ৫ হাজার ৩৬৯ জন এবং মালয়েশিয়ায় ৫ হাজার ২৭ জন ভোটার নিবন্ধন করেছেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রাথমিকভাবে ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে প্রবাসীদের অনুরোধ এবং সুযোগ বিবেচনা করে এবার সময় বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তিনি বলেন, “সারা বিশ্ব থেকে যে কেউ ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ভোটার নিবন্ধন করতে পারবেন।”
এছাড়া, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়াও চালু হবে। আইসিপিভি নিবন্ধন তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে।
এপ্রসঙ্গে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি নির্দিষ্ট দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
প্রবাসী ভোটারদের অবশ্যই ভোটদানের জন্য সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, যেখানে তারা ভোট দেবেন। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনাবলী দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।
Leave a Reply