ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জরিপে অংশগ্রহণকারী ৬৯ শতাংশ বলেছেন ড. ইউনূস ভালো কাজ করছেন। আর অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন ৭০ শতাংশ উত্তরদাতা।
আইআরআই’র সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ জরিপটি পরিচালনা করে। ফলাফলের ব্যাখ্যা দিতে গিয়ে আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, “স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তার এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে।”
জরিপে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের অংশগ্রহণের আগ্রহও নজরকাড়া। ভোট দিতে খুবই আগ্রহী বলে জানিয়েছেন ৬৬ শতাংশ ভোটার, আর ২৩ শতাংশ বলেছেন ‘কিছুটা আগ্রহী’। এছাড়া ৮০ শতাংশ অংশগ্রহণকারী বিশ্বাস করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
জোহান্না কাও আরও বলেন, “বাংলাদেশিদের এই উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করে যে, সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং আসন্ন নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা এখন অত্যন্ত জরুরি।”
বাংলাদেশে নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা সম্পর্কে জনমত অনুধাবনের লক্ষ্যে আইআরআই নিয়মিতভাবে বিভিন্ন জরিপ পরিচালনা করে থাকে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগও চালিয়ে যাচ্ছে।
সূত্র: বাসস
Leave a Reply