আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাজারে ছাড়া হবে নতুন নকশার ৫০০ টাকার নোট। প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন নোট বিতরণ শুরু হবে এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এটি পাওয়া যাবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন ৫০০ টাকার নোটের আকার নির্ধারণ করা হয়েছে ১৫২ মিমি x ৬৬৫ মিমি। নোটের সম্মুখভাগে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকছে এবং প্রধান রঙের আধিক্য সবুজ। সম্মুখভাগের বাম পাশে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি, মাঝখানে ব্যাকগ্রাউন্ডে প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা ও পাতার সঙ্গে কলিসের ছবি, আর পেছনে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।
নতুন নোটে ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটের সম্মুখভাগের ডানদিকের কোণায় মুদ্রিত ‘৫০০’ সংখ্যা রঙ পরিবর্তনশীল কালিতে ছাপা, যা নোট নড়াচড়া করলে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়। এছাড়া, মূল্যমানের ভেতরে কোণাকুণিভাবে আরেকটি ‘৫০০’ সংখ্যা স্পষ্টভাবে দেখা যায়।
নোটের সম্মুখভাগের বাম পাশে ৪ মিমি চওড়া প্যাঁচানো নিরাপত্তা সুতা রয়েছে, যা লাল ও উজ্জ্বল স্বর্ণালী বার সমন্বয়ে তৈরি। নোট নড়াচড়া করলে লাল অংশ সবুজে রূপান্তরিত হয়, এবং স্বর্ণালী বার রঙধনুর মতো চলমান প্রভাব তৈরি করে।
দৃষ্টি–প্রতিবন্ধীদের সুবিধার্থে নোটের সম্মুখভাগের ডানদিকের নীচে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রাখা হয়েছে, যা স্পর্শে সহজে চিহ্নিত করা যায়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নতুন নোট নাগরিকদের জন্য আর্থিক লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করবে এবং সুরক্ষিত লেনদেনের মান বৃদ্ধি করবে।
Leave a Reply