রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন শুরু করে।
দায়িত্বরত বিজিবি কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, “সার্বিক নিরাপত্তার জন্য এভারকেয়ার হাসপাতালের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর একটি প্লাটুন গেটে অবস্থান করছে, আরেকটি টহলে রয়েছে।”
এর আগে সোমবার রাতেই হাসপাতালের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। ভিড় নিয়ন্ত্রণে ব্যারিকেড বসালেও বুধবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপির অনেক নেতাকর্মী সেখানে জড়ো হন। তারা ব্যারিকেডের বাইরে নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।
সামনে অবস্থান করা নেতাকর্মীরা বলেন, ভিড় এড়াতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা ছিল। তবে উদ্বেগে তারা বাড়িতে থাকতে পারেননি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে ছুটে এসেছেন হাসপাতালে।
এদিকে খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ ঘোষণা করার পর মঙ্গলবার দুপুরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তার নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করে।
দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় তার অবস্থা নাজুক। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে কেবিন থেকে স্থানান্তর করা হয় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)। সেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালাচ্ছে।
জুলাই অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। পরে ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান। তবে বিদেশে যেতে অনুমতি পাননি। গত ৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পুরোপুরি মুক্ত হন। এরপর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে চার মাস অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন।
খালেদা জিয়ার চলমান শারীরিক অবস্থা ও হাসপাতালের সামনে নেতাকর্মীদের উপস্থিতি ঘিরে পুরো এলাকায় এখনো টানটান উত্তেজনা ও নিরাপত্তা সতর্কতা বিরাজ করছে।
Leave a Reply