বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকেই দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ তোলেন।
রিজভী বলেন, “যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, তার প্রতি মানুষের ভালোবাসা থাকতেই হবে। আজ সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা চোখের সামনে দেখছি।”
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে নানা অন্যায় চাপের মুখেও দেশের স্বার্থে বহু সিদ্ধান্ত নিয়েছেন বেগম জিয়া। তার উদাহরণ দিতে গিয়ে তিনি উল্লেখ করেন, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে সহিংসতা এড়াতে সরকার গঠন করে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, যারা অতীতে সহিংসতা ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রণয়নের দাবিতে আন্দোলন করেছিল—তারাই ক্ষমতায় এসে ব্যবস্থা বাতিল করেছে। রিজভীর ভাষ্য, “জনগণের ওপর ভরসা না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন শেখ হাসিনা। অথচ ১৯৯৫-৯৬ সালে বাস-ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিলেন তিনি। বেগম জিয়ার অসুস্থতা সেই হাসিনার কারণেই।”
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের জনগণের দোয়া অব্যাহত রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, “কোটি মানুষের দোয়ায় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন।”
দোয়া মাহফিলটি শেষ হয় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে।
Leave a Reply