মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমায় হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ মুক্তি পেয়েছেন। সোমবার তিনি পশ্চিম ভার্জিনিয়ার উচ্চ-নিরাপত্তার কারাগার থেকে বের হন। হার্নান্দেজকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। খবর বিবিসি।
তার স্ত্রী আনা গার্সিয়া ডি হার্নান্দেজ সামাজিক মাধ্যমে পোস্ট করে ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং বলেন, “আমার স্বামী এখন একজন মুক্ত মানুষ।”
হার্নান্দেজকে ২০২৪ সালের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন আমদানির ষড়যন্ত্র এবং মেশিনগান রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার ক্ষমার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হার্নান্দেজের সঙ্গে “খুব কঠোর ও অন্যায় আচরণ করা হয়েছে।”
এই ক্ষমার ঘোষণা আসে হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিন আগে, যা ডানপন্থি দলের প্রার্থীকে সরাসরি উপকৃত করতে পারে।
হার্নান্দেজ ছিলেন হন্ডুরাসের ন্যাশনাল পার্টির সদস্য এবং ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের এপ্রিলে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। সেখানে তিনি মাদক পাচারের ষড়যন্ত্র এবং শত শত টন কোকেন পাচারে সহায়তার অভিযোগে বিচারের মুখোমুখি হন।
নিউ ইয়র্কের প্রসিকিউটররা তার বিচার চলাকালীন উল্লেখ করেছিলেন, হার্নান্দেজ মধ্য আমেরিকার দেশটিকে “মাদক-রাষ্ট্র” হিসেবে পরিচালনা করেছেন। তিনি মাদক পাচারকারীদের আইনী সুরক্ষা দিতে তাদের কাছ থেকে লাখ লাখ ডলার ঘুষ গ্রহণ করেছিলেন। এছাড়াও, তার সাজার অংশ হিসেবে ৮ মিলিয়ন ডলার জরিমানাও দিতে হয়েছিল।
Leave a Reply