ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক তোলপাড়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক এক সম্মেলনের রেড কার্পেটে স্যুট-পোশাকে সজ্জিত মোদি হাতে কেটলি ও চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি বলছেন, “চাই বোলো, চাইয়ে” এমন দৃশ্য দ্রুতই ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভিডিওটি শেয়ার করেছেন কংগ্রেস নেত্রী রাগিনী নায়েক। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন—“এটা আবার কে করল?” এর পরই ভিডিওটি ছড়িয়ে পড়ে সব সামাজিক মাধ্যমে এবং মুহূর্তেই তা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়।
বিতর্ক বাড়তে থাকলে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ক্ষমতাসীন বিজেপি। দলটির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, কংগ্রেস নেতারা ‘এলিট মানসিকতা’ থেকে বের হতে পারেন না। তারা একজন শ্রমজীবী পরিবার থেকে উঠে আসা প্রধানমন্ত্রীকে কখনোই মেনে নেয়নি। তিনি অভিযোগ করেন, এর আগেও কংগ্রেস মোদিকে ‘চা-ওয়ালা’ বলে ব্যঙ্গ করেছে, এমনকি দীর্ঘ সময় ধরে ব্যক্তিগতভাবে উত্যক্ত করেছে এবং বিহার নির্বাচনে প্রধানমন্ত্রী মোদির মাকেও আক্রমণ করেছে। তার দাবি, “মানুষ এসব অন্যায় ক্ষমা করবে না।”
উল্লেখ্য, নরেন্দ্র মোদি দীর্ঘদিন ধরেই নিজের অতীত পরিচয় ‘চা-ওয়ালা’ হিসেবে রাজনৈতিক বক্তব্যে তুলে ধরেন। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন সভায় তিনি প্রায়ই স্মরণ করিয়ে দেন, ২০১৪ সালে ভারত একটি চা-ওয়ালাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিল। অর্থনীতিতে ভারতের অগ্রগতির প্রসঙ্গে মোদি একাধিকবার বলেছেন, “আমি কখনো নিজেকে অর্থনীতিবিদ বলিনি। কিন্তু জনগণের শক্তির ওপর আস্থা রাখি। দশম স্থান থেকে ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি।”
রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করছেন, মোদির সেই ‘চা-ওয়ালা’ পরিচয়কে নিয়েই এবার নতুনভাবে কটাক্ষ করেছে কংগ্রেস। তবে ভিডিওটি যে স্পষ্টতই এআই তৈরি এ বিষয়ে সচেতনতা না থাকায় সাধারণ মানুষের একাংশ বিভ্রান্ত হচ্ছেন বলেও মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে এআই-জেনারেটেড ভুয়া ভিডিওর বিস্তার ও রাজনৈতিক ব্যবহারের ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞরা আবারও উদ্বেগ প্রকাশ করেছেন।
Leave a Reply