বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আগত চার সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে কাজ শুরু করেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে দলটি হাসপাতালে পৌঁছায় এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়। দলের নেতৃত্বে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ড. রিচার্ড বিল।
হাসপাতাল সূত্র জানায়, মেডিক্যাল টিম প্রথমেই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) গিয়ে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। বর্তমানে তার অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
বৃটিশ বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, ঝুঁকির বর্তমান মাত্রা, অর্গান সাপোর্ট এবং পরবর্তী করণীয় বিষয়ে উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে কাজ করবেন। তারা স্থানীয় মেডিক্যাল টিমের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং চলমান চিকিৎসা অগ্রগতির মূল্যায়ন করবেন।
প্রথম দিনের কাজের অংশ হিসেবে বিশেষজ্ঞ দল খালেদা জিয়ার বিভিন্ন জটিলতার ক্লিনিক্যাল নোট, সর্বশেষ টেস্ট রিপোর্ট এবং ব্যবহৃত সাপোর্ট সিস্টেমের ডকুমেন্টেশন পর্যালোচনা করেছেন। এরপর তারা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা ব্যবস্থাপনার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, বিদেশি টিমের সঙ্গে সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম আরও উন্নত ও নিবিড় পর্যবেক্ষণাধীনে পরিচালিত হবে। বিশেষজ্ঞরা প্রয়োজনীয় হলে নতুন চিকিৎসা পদ্ধতি প্রয়োগ এবং রোগীর শারীরিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিকল্পনা সংশোধন করবেন।
এভারকেয়ার হাসপাতালের সূত্র আরও জানায়, খালেদা জিয়ার সিসিইউতে চিকিৎসা চলাকালীন সময়ে সর্বাধিক নিরাপত্তা ও পর্যবেক্ষণ বজায় রাখা হচ্ছে। মেডিক্যাল টিমের আগমন তার স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply