শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়া’র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ জন ক্রুর একটি দল, সশস্ত্র বাহিনী বিভাগের একজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ১০ টন ত্রাণ সামগ্রী নিয়ে কলম্বোর উদ্দেশ্যে রওনা দেন। তথ্যটি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ২০০ জন নিখোঁজ রয়েছেন। ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১ লাখ ২৩ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কা জরুরি অবস্থা জারি করেছে এবং আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন জানিয়েছে।
বাংলাদেশ সরকার দ্রুত মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিলে, বিমান বাহিনীর সি ১৩০জে পরিবহন বিমান ক্ষতিগ্রস্তদের ত্রাণ পৌঁছে দিতে রওনা দেয়। বিমান বাহিনীর এয়ার কমডোর মোহাম্মদ সহিদুল ইসলাম মিশন কমান্ডারের দায়িত্বে ছিলেন। প্রেরিত ত্রাণের মধ্যে রয়েছে তাবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড স্লোভস, রেসকিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ঔষধ।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী জানিয়েছে, এই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সহায়তা প্রেরণের পর বিমানটি একই দিন বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। এছাড়া সশস্ত্র বাহিনী সরকারের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যত বৈশ্বিক মানবিক প্রয়োজনে সহায়তায় প্রস্তুত থাকবে।
বাংলাদেশের এই উদ্যোগ শ্রীলঙ্কার জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের মানবিক সহযোগিতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply