শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

সেন্ট মার্টিনে কাঙ্ক্ষিত ফল পেতে কিছুটা সময় লাগবে : পরিবেশ উপদেষ্টা

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৬.৪১ অপরাহ্ণ
  • ৫৪ বার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেন্ট মার্টিন দ্বীপের ঝুঁকিপূর্ণ পরিবেশ রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ ও বায়ুদূষণ কমাতে জোরদার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) সাভারের ব্র্যাক সিডিএম-এ অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্টাল জাস্টিসে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রবাল বাস্তুতন্ত্র পুনরুজ্জীবিত করতে পর্যটন নিয়ন্ত্রণ কঠোর করা হয়েছে। বিপজ্জনক বায়ুদূষণ কমাতে অভিযান অব্যাহত রয়েছে, যদিও কাঙ্ক্ষিত ফল পেতে সময় লাগবে।”

উপদেষ্টা রিজওয়ানা বলেন, অন্তর্বর্তী সরকার পরিবেশ, জলবায়ু ন্যায়বিচার ও জনগণের অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। তিনি তিনটি জাতীয় অগ্রাধিকার তুলে ধরেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন, শাসনব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীনেতৃত্বাধীন আন্দোলনে প্রাণ হারানোদের ন্যায়বিচার নিশ্চিতকরণ।

তিনি পরিবেশ প্রশাসনে চলমান সংস্কারের মধ্যে উল্লেখ করেন একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগের কঠোর প্রয়োগ, দেশজুড়ে প্লাস্টিকমুক্ত অঞ্চল সম্প্রসারণ, প্রধান নদী ও বনজ বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ। এছাড়া বনভিত্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সরকার পুনর্ব্যক্ত অঙ্গীকার গ্রহণ করেছে।

রিজওয়ানা ফেনীর বন্যাদুর্গত অবস্থা, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি এবং সীমান্তপারের আকস্মিক পানির প্রবাহের মতো জলবায়ু ঝুঁকি তুলে ধরে জানান, জলবায়ু ন্যায়বিচার তার মন্ত্রণালয়গুলোর কাজের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি বলেন, “জলবায়ু ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়সঙ্গত অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ গঠন করা হয়েছে।”

উপদেষ্টা আরও বলেন, মেগা প্রকল্পনির্ভরতা কমিয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হবে। নবায়নযোগ্য জ্বালানির প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানান, সরকারি সব কার্যালয়ে কার্যকর রুফটপ সোলার স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার এম আসাদুজ্জামান, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা)’র চেয়ারম্যান মির্জা কামরুল হাসান ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিমা ইসলাম।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com