পোল্যান্ডের শিশু অভিনেতা নিকোডেম মারেস্কি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জীবন হারিয়েছেন। গত ২৬ নভেম্বর ক্রাকো শহরে স্কুল বাস থেকে নামার সময় দুর্ঘটনার শিকার হন ১১ বছর বয়সী নিকোডেম। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ২৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর দ্য সান।
নিকোডেম ইতিমধ্যেই পোলিশ চলচ্চিত্র ও টেলিভিশনে পরিচিতি অর্জন করেছিলেন। তিনি অভিনয় করেছেন বহু-পুরস্কারজয়ী যুদ্ধভিত্তিক মহাকাব্য ‘হোয়াইট কারেজ’-এ এবং নেটফ্লিক্সের হরর সিরিজ ‘ক্র্যাকো মনস্টারস’-এ। ‘হোয়াইট কারেজ’-এ প্রধান নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের ভালোবাসা অর্জন করেছিলেন।
নিকোডেমের পরিবার এক বিবৃতিতে বলেন, “গভীর দুঃখ ও আক্ষেপের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের প্রিয় পুত্র, ভাই এবং নাতি নিকোডেম মারেস্কি ২৭ নভেম্বর মারা গেছে।”
তার প্রাথমিক বিদ্যালয়ও এক শোকবার্তায় সমবেদনা জানিয়েছে। স্কুলের সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেছেন, “উঁচুতে ওড়ো, দেবদূত।”
‘হোয়াইট কারেজ’ ছবির পরিচালক মার্সিন কোশালকা নিকোডেমের মৃত্যুকে একটি বিশাল ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “কিশোরটি খুব প্রতিভাবান ছিল এবং তার সামনে একটি বিশাল সম্ভাবনার জগৎ অপেক্ষা করছিল।”
Leave a Reply