ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের ঘোষণা দেন।
অফিস আদেশে বলা হয়েছে, ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলি বা পদায়ন করা হলো। এই রদবদল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
ডিএমপি সূত্রে জানা যায়, দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়নের জন্য পূর্বে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। নির্বাচনে দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য সৎ ও নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয় এবং সেই তালিকার ভিত্তিতে লটারি অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এই ধরনের পদায়ন ও রদবদল মূলত ভোটকেন্দ্র ও সাধারণ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে করা হয়।
ডিএমপি কমিশনার অফিস সূত্রে জানানো হয়েছে, এই রদবদলের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত ওসি-দের সকল থানায় কার্যক্রম মনিটরিং এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে সহায়ক ভূমিকা থাকবে। প্রতিটি থানার দায়িত্বশীল কর্মকর্তা স্থানীয় পরিস্থিতি অনুযায়ী পুলিশ বাহিনী পরিচালনা করবেন।
এই রদবদলের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী ভোটের সময় কার্যক্রমের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়। বিশেষ করে রাজধানীর সংবেদনশীল এলাকায় নিরাপত্তা বৃদ্ধি এবং সম্ভাব্য কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply