আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশেষ নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এটি ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। এটি সাধারণ নির্বাচন নয়; এটি গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য পুলিশকে সেভাবেই দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “এবারের নির্বাচন এমন হবে, যা বিদেশি পর্যবেক্ষকরা স্মরণ রাখবে। তারা বারবার বলবে—এ নির্বাচনের মতো নির্বাচন আমরা আর কখনো দেখিনি। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্বপ্ন এই নির্বাচনের মাধ্যমে বাস্তবায়িত হবে।”
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ৬৪ জেলার পুলিশ কর্মকর্তাদের দৈবচয়নের মাধ্যমে নির্বাচন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। “আমাদের লক্ষ্য কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না হয়। নিজের ওপর ছেড়ে দিলে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব ঢুকে পড়ে।”
তিনি আশ্বস্ত করেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে। তাই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে।”
Leave a Reply