বিজয়ের মাসে বাংলাদেশ অর্জন করল এক অনন্য আন্তর্জাতিক সম্মান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত এক ব্যতিক্রমধর্মী প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। এই কৃতিত্বের মাধ্যমে বিশ্বমঞ্চে আবারও দেশের সক্ষমতা ও গৌরবময় ভাবমূর্তি উজ্জ্বল হলো।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের সম্মিলিত প্রচেষ্টায় এই ঐতিহাসিক রেকর্ড অর্জিত হয়েছে। অভিযানে অংশগ্রহণ করেন বিডার আশিক চৌধুরীসহ সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত প্যারাট্রুপাররা।
আইএসপিআর জানায়, ‘Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)’ শিরোনামে এই রেকর্ডটি অর্জন করেছে ‘টিম বাংলাদেশ’। অভিযানের সময় আকাশপথে একযোগে উড্ডয়ন করা হয় লাল-সবুজের ৫৪টি জাতীয় পতাকা, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সব নিয়ম ও মানদণ্ড পূরণ করে সফলভাবে সম্পন্ন হয়। এই সাফল্যের মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ‘টাইটেল হোল্ডার’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।
পুরো উদ্যোগটির পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে সশস্ত্র বাহিনী বিভাগ (আর্মড ফোর্সেস ডিভিশন)। আইএসপিআর জানায়, এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে রাখা। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস, পেশাদারিত্ব ও সক্ষমতার শক্তিশালী বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
বিশ্লেষকদের মতে, এই অর্জন শুধু একটি রেকর্ড নয়, বরং এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা, শৃঙ্খলা ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতিফলন। একই সঙ্গে এটি তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।
বিজয়ের মাসে এমন আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে গর্বের। লাল-সবুজের পতাকা নিয়ে আকাশে উড্ডয়ন করা এই সাহসী অভিযান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যতেও দেশের সাফল্যের গল্প বিশ্বমঞ্চে তুলে ধরবে।
Leave a Reply