বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮.২৫ অপরাহ্ণ
  • ৪৯ বার

চলতি বছরের হজ পালনকারী বাংলাদেশি হজযাত্রীদের জন্য টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সারাদেশে মোট ৮০টি নির্ধারিত কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীরা প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে পারবেন। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এসব টিকা গ্রহণ বাধ্যতামূলক।

শনিবার (১৭ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্ধারিত ৮০টি টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে হজযাত্রীরা সহজেই টিকা গ্রহণ করতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টিকা গ্রহণের নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে হজযাত্রীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিকা নিতে আসার সময় হজযাত্রীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সঙ্গে আনতে হবে। এজন্য হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, হজসংক্রান্ত যেকোনো তথ্য বা প্রয়োজনে হজ কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে। হজযাত্রীদের সব ধরনের তথ্য সহায়তা দিতে কল সেন্টারটি প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকা জেলা ছাড়া দেশের অন্যান্য জেলায় সিভিল সার্জন অফিসগুলোকে টিকাদান কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি হাসপাতালেও টিকা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিক।

ঢাকার বাইরে উল্লেখযোগ্য টিকাদান কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল।

এদিকে, হজযাত্রীদের টিকা গ্রহণের আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। এসব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ভিত্তিতেই টিকা প্রদান করা হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com